নিজস্ব প্রতিবেদক: শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) জমা না দেওয়ায় পাকিস্তান থেকে আমদানি করা ২৮ মেট্রিক টন রক সল্ট বা বিট লবণের চালান খালাসে অনুমতি দেয়নি চট্টগ্রাম কাস্টম হাউস। প্রায় দুই সপ্তাহ ধরে চালানটির খালাস কার্যক্রম স্থগিত রয়েছে।
সূত্র জানায়, পাকিস্তানের ‘পিক মিনারেলস প্রাইভেট লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে চট্টগ্রামের বোয়ালখালীর প্রতিষ্ঠান ‘ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। ২০ ফুট কনটেইনারে আসা চালানটি খালাসের জন্য গত ৪ মে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি জমা দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট ‘তাসমিয়া এন্টারপ্রাইজ’।আমদানি নথির সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের এনওসি বা প্রাপ্যতা সনদ সংযুক্ত না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ চালানটি ছাড় দেয়নি।চালানটিতে ১ হাজার ১২০টি ব্যাগে ২৮ মেট্রিক টন রক সল্ট রয়েছে।
এ চালানের ইনভয়েস মূল্য ৬ হাজার ৪৪০ ইউএস ডলার। এ চালানের পক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, অগ্রীম আয়কর ও অগ্রীম করসহ মোট ৬ লাখ ৮৩ হাজার ৪৫৫ টাকা ৯৭ পয়সা রাজস্বের উল্লেখ রয়েছে বিল অব এন্ট্রিতে।
কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোডিয়াম ক্লোরাইড বা এ ধরনের লবণ আমদানিতে শিল্প মন্ত্রণালয়ের এনওসি দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলে আইন অনুযায়ী চালান খালাসের অনুমতি দেওয়া হবে।
দেশে রক সল্ট বা বিট লবণ খাদ্য, আচার, মসলা শিল্প, হারবাল ও ইউনানি ওষুধ, কসমেটিকস এবং বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ‘হিমালয়ান পিংক সল্ট’ নামে এ ধরনের লবণের ব্যবহার রেস্টুরেন্টে জনপ্রিয়।


