রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ একই পরিবারের আরও ছয়জন।সোমবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। বজ্রপাতে শিশুটির বাবা নয়ন চাকমা (২৫) ও মা রেশমি চাকমা (২০) আহত হয়েছেন।
আহত অন্যরা হলেন— প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের সময় পরিবারের সবাই একই বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বিকট শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। স্থানীয়দের ধারণা, বজ্রপাতের তীব্র শব্দে শিশুটি মারা যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা বলেন, ‘ভোররাত ৪টার দিকে বজ্রপাতের ঘটনায় পরিবারের সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।’
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা জানান, বজ্রপাতে আহত ছয়জনকে ভোরের দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে পাঁচজন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন হাসপাতালে ভর্তি থাকলেও তিনি আশঙ্কামুক্ত।তিনি আরও বলেন, ‘নিহত শিশুটি বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনাটিকে খুবই মর্মান্তিক উল্লেখ করে বলেন, ‘বাবা-মায়ের কোলের শিশুটি বজ্রপাতে মারা গেছে। পরিবারের সবাই আহত হয়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি, সহযোগিতার চেষ্টা করবো।’


