পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকার চাঁনখালী খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় জেলে অর্জন দাশ জানান, সকালে খালে মাছ ধরার জাল তুলতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পটিয়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং পরিচয় শনাক্তে তদন্ত চলছে।


