অনলাইন ডেস্ক : দেশের বন্ধ ও লোকসানে থাকা সরকারি কারখানাগুলো পুনরায় সচল করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই একটি রোড শো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ ও অলাভজনক কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সভা সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের মধ্যেই রোড শো আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বন্ধ কারখানাগুলোর অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ সম্ভাবনা দেশি-বিদেশি উদ্যোক্তাদের সামনে উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি এগুলো কীভাবে পুনরায় উৎপাদনে আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করতে হবে এবং দীর্ঘদিন লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে হবে। একই সঙ্গে এসব খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় জানানো হয়, বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে কারখানাগুলো পুনরুজ্জীবনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের এই উদ্যোগকে শিল্প খাত পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বিনিয়োগ এলে বন্ধ কারখানাগুলো চালু হবে, কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


