মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা–চট্টগ্রাম রেলপথ।ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, টেনে নিল আধা কিলোমিটার
রবিবার (৭ জুন) সকাল নয়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পূর্ব পাশে থাকা একটি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি পিকআপ ভ্যান রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি সিলেটের উদ্দেশে যাত্রা করে। সোনাপাহাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে পুরো ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু দূর গিয়ে ট্রেন থামলে যাত্রীরা নেমে পরিস্থিতি দেখার চেষ্টা করেন। ট্রেনের ধাক্কায় বালুবাহী পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রথমে উভয় লাইনেই চলাচল বন্ধ থাকলেও পরে ঢাকামুখী লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করা হয়। তবে চট্টগ্রামমুখী লাইন থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে মেরামত কাজ শেষ করতে সময় লাগায় প্রায় ৪ ঘণ্টা পর পুরো রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের ফেনী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল বলেন, ‘একটি অবৈধ ক্রসিং দিয়ে পিকআপ ভ্যানটি রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং ওই স্থানে অবৈধ পারাপার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত উদ্ধার ও মেরামত কাজ সম্পন্ন করে। পরে দুপুরের দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলে ঢাকা–চট্টগ্রাম রেলপথে যোগাযোগ পুরোপুরি সচল হয়।


