সোমবার, জুন ৮, ২০২৬
spot_img

ইস্কনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা সত্যি নয় : মন্দির প্রাঙ্গনে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির তথা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইস্কন) কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা সত্য নয় বলে অভিযোগ করেছেন ইস্কনের সাধারণ সম্পাদক শ্রীমান তারণ নিত্যানন্দ দাস। সোমবার নন্দনকাননস্থ মন্দির প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ জুন ভোর বেলায় নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির তথা ইস্কনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি কুচক্রী মহল কর্তৃক অত্যন্ত বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর গুজব ছড়ানো হয়েছে, যা মোটেই কাম্য নয়।
তিনি বলেন, সনাতনী পরিবার- ‘এন.এন. পাল পরিবার-তাদের বিগ্রহ শ্রীশ্রী রাধামাধবের নিত্য সেবা-পূজা পরিচালনা ও সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের নিমিত্তে উক্ত সম্পত্তির দখল ও পরিচালনা ইস্কনের নিকট হস্তান্তর করলে উক্ত সম্পত্তিতে ইস্কন বিগ্রহের পক্ষে স্বত্ত্ব, মালিকানা ও ভোগ-দখলে নিরবিচ্ছিন্নভাবে নিয়োজিত আছেন। ফলশ্রুতিতে উক্ত সম্পত্তিতে স্থিত তৎকালীন ভাড়াটিয়াদের নিকট থেকে ভাড়া আদায়ের বৈধ আইনি অধিকারও স্বাভাবিকভাবেই বিগ্রহ তথা মালিকের পক্ষে ইস্কন লাভ করে। পরবর্তীতে আদালতের আদেশে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমস্ত ভাড়াটিয়াগণ তাদের দখল ইস্কন কর্তৃপক্ষকে আইনসম্মতভাবে বুঝিয়ে দিয়ে অন্যত্র চলে যান। আশির দশকের শেষ হতে শুরু করে অধিককাল ধরে ইস্কন নিষ্ঠা, ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও সনাতনী শাস্ত্রীয় অনুশাসন মেনে অত্র পবিত্র ভূমিতে শ্রীশ্রী রাধামাধবের সেবা, রথযাত্রা, জন্মাষ্টমী, গৌর-পূর্ণিমা ও অন্নকুটসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পরিচালনা করে আসছে।
অত্যন্ত পরিতাপের বিষয় সম্প্রতি সৌমেন পালিত ও তার দোসরগণ (গং) সম্পূর্ণ অবৈধভাবে ও পেশি শক্তি ব্যবহার করে মন্দিরে প্রবেশের মূল ফটক এবং ভক্তদের চলাচলের ন্যায্য পথ অবরুদ্ধ করে একটি অবৈধ স্থাপনা নির্মাণের অপচেষ্টায় লিপ্ত হয়।
তিনি বলেন, এ বিষয়ে গত ২৩ মে প্রশাসন বরাবর আইনানুগ অভিযোগ দায়ের করে। এর ধারাবাহিকতায় বিবাদীদের ক্রমাগত হুমকির মুখে গত ৪ জুন চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৩৪০) দায়ের করা হলে
৫ জুন দিবাগত গভীর রাতে জনৈক সৌমেন পালিত গং মন্দির প্রাঙ্গন ও প্রবেশ পথে অবৈধ নির্মাণ কাজ পরিকল্পনা করার ধৃষ্টতা দেখায়। মন্দিরে সর্বসাধারণের প্রবেশের আইনগত ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভক্তরা যখন প্রবেশ পথটি দখল বজায় রাখেন, ঠিক তখনই পূর্বপরিকল্পিতভাবে রাকেশ দাশ, রাহুল বিশ্বাস, মিল্টন বিশ্বাস, কৃষ্ণা দাশ ও ঋত্বিক দাশসহ একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, ইট- পাটকেল নিয়ে অতর্কিত ও সহিংস হামলা চালায়। তারা মন্দিরের বেকারির কাচ ভাঙচুর করে বিপুল আর্থিক ক্ষতিসাধন করে। এই হামলায় প্রিয়ন্ত ভৌমিক, দোলন দাস, উত্তম কুমার দাস, নোবেল বৈদ্যসহ বহু ভক্ত গুরুতরভাবে রক্তাক্ত জখম ও আহত হন। এছাড়া কোনো প্রকার উসকানি ছাড়াই, পশ্চিম পাশের ভবনের দ্বিতীয় তলা থেকে রতন কুমার বিশ্বাস ও তার স্ত্রী নিচে অবস্থানরত নিরস্ত্র শুক্তদের ওপর ফুটন্ত গরম জল এবং মরিচের গুঁড়া নিক্ষেপ করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইস্কনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ইস্কন রিজলভ্ কমিটির চেয়ারম্যান শ্রীমান যুগধর্ম দাস বলেন, লোকনাথ ধাম কিংবা স্থানীয় সাধারণ সনাতনীদের সাথে ইস্কনের নূন্যতম কোনো বিরোধ নেই এবং থাকার অবকাশও নেই। সৌমেন পালিত আমাদেরই একজন সনাতনী ভাই এবং প্রাক্তন ভাড়াটিয়া। যেখানে বিশ্বজুড়ে মানবকল্যাণে ইস্কন নিয়োজিত, সেখানে কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত বিদ্বেষ রাখার প্রশ্নই ওঠে না। কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্কনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিষোদগার করছে, যা সাইবার অপরাধের শামিল।
দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সহ অবস্থান বিনষ্ট করার লক্ষ্যে একটি দেশি বিদেশী কুচক্রি মহল সংশ্লিষ্ট আগন্তুকদেরকে বশে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে এবং ইস্কনের বিরূদ্ধে এই ইস্যুটাকে সামনে এনে পুরো সনাতনী সমাজকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। তাই সকলকে সজাগ থাকার আহব্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইস্কন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ শ্রীমান জ্যোতিশ্বর গৌরহরি দাস, ইস্কন নন্দনকাননের অধ্যক্ষ শ্রীমান পন্ডিত গদাধর দাস, সহ-সভাপতি শ্রীমান অকিঞ্চন গৌর দাস, ইস্কন কমিউনিকেশনের
পরিচালক শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, ইস্কন নন্দনকাননের যুগ্ম-সম্পাদক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস, কোষাধ্যক্ষ শ্রীমান সুবলসখা শ্যাম দাস, টি.এম.সি সদস্য শ্রীমান শচীদুলাল প্রেমসাগর দাস, শ্রীমান অপূর্ব মনোহর দাস, ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান রূপেশ্বর গৌরাঙ্গ দাস।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img