অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।সোমবার (৮ জুন) লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে কালোয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। সবার বাড়ি সদর ইউনিয়নের কালোয়ার পাড়া এলাকায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনা অধিনায়ক মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আপত্তি জানিয়ে ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি করেন। তবে ব্যানারটি না সরানোয় গত রবিবার গভীর রাতে আর্জেন্টিনা সমর্থকদের একটি পক্ষ সেটি খুলে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ। তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।


