সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবির প্রধান মোহাম্মদ রাসেল।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দারোগাহাট ওজন স্কেল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ৪২-২৫২৮) গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক বারবার লেন পরিবর্তন করে পালানোর চেষ্টা করেন।
পুলিশের ধাওয়া খেয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা একপর্যায়ে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভেতরে থাকা একটি অতিরিক্ত গ্যাস সিলিন্ডার দেখে সন্দেহ হয় পুলিশের। সিলিন্ডারটির গায়ে কালো রঙের প্রলেপ দেওয়া ছিল এবং মাঝখানে স্ক্রু দিয়ে আটকানো একটি গোপন ঢাকনা তৈরি করা হয়েছিল।
ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালালে ইয়াবার একের পর এক প্যাকেট পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, ‘মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে। গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহনের ঘটনাও সেই প্রবণতারই একটি উদাহরণ। তিনি জানান, গাড়ির মালিক ও পাচারচক্রের সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।’সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


