ফেনী প্রতিনিধি : ফেনীতে গ্যাসবোঝাই একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো আটজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার খাইয়ারা ভোজনবাড়ী রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০)। আরেকজনের পরিচয় জানা যায়নি।পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন।এ সময় ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ জড়ো হয়। পরে আকস্মিকভাবে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত জুয়েল (১৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, ঘটনাস্থলের পাশেই আমার রেস্টুরেন্ট। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হয়েছে। চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন, আর কয়েকজন মানুষ দাঁড়িয়ে দেখছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো জটলার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, অন্তত ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় পরে আরো একজনের মৃত্যু হয়েছে। আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ও একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত একজনের পরিচয় জানা গেছে। অপরজনের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পিবিআই তাদের পরিচয় শনাক্তে কাজ করছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


