নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানার ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি তূর্য দে’কে (২৫) নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার তূর্য দে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার নরেন্দ্র লাল মাস্টারের বাড়ির অঞ্জন কুমার দে’র ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম তরুণী পেশায় একজন চীনা দোভাষী। গত ১৮ মে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আয়োজিত ‘মিট চায়না ডক্টর’ নামক একটি চায়না ইভেন্টে কাজের সুবাদে তূর্য দে’র সাথে তার পরিচয় হয়। পরে তূর্য অনলাইনে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার সাথে যোগাযোগ চালিয়ে যায়।গত ২৬ রাত ১১টায় তূর্য ওই তরুণীকে শাহবাগ থানাধীন ‘ফার্স হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর একটি রুমে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে ওই তরুণী রাজি না হওয়ায় তাকে প্রতারণামূলকভাবে জোরপূর্বক ধর্ষণ করে তূর্য। পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে তূর্য বিয়েতে রাজি হয়নি। এছাড়া তাকে নানারকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরে এ ঘটনায় ওই তরুণী শাহবাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ‘বালি আর্কিড শপিংমল’ এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি তূর্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


