অনলাইন ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আবারও বিশ্বকে নিজের জাদু দেখালেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর পূর্ণ করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তার নেতৃত্বে ৩-০ গোলের রাজকীয় জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মাঠে মেসির জাদু যতটা আলো ছড়িয়েছে, তার প্রতিফলন দেখা গেছে দেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস, আবেগ, প্রশংসা আর খুনসুটিতে মেতে উঠেছেন ঢাকাই শোবিজের তারকারা। আর্জেন্টিনার জয় এবং মেসির হ্যাটট্রিক নিয়ে পোস্ট দিয়েছেন পরীমণি, মেহজাবীন চৌধুরী, শবনম বুবলী, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টি, তাসরীফ খান, পড়শী, নাদিয়া আহমেদ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদসহ অনেকেই।
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি খেলা দেখার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ ছোট্ট এই বার্তায় ফুটবলের প্রতি তার ভালোবাসা এবং মেসির প্রতি মুগ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বরাবরের মতোই সংযত ভঙ্গিতে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন। আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, শুভরাত্রি।’ সংক্ষিপ্ত হলেও পোস্টটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে অভিনেত্রী কেয়া পায়েলের পোস্টে। মেসির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই। সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!’ তার এই আবেগঘন পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আর্জেন্টিনার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টিও। তিনি লিখেছেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’
তরুণদের কাছে জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন। হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি!’
মেসির হ্যাটট্রিকের রাতে প্রতিপক্ষ সমর্থকদের খোঁচা দিতেও ভোলেননি কয়েকজন তারকা। অভিনেতা খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’ একই সুরে অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘বুঝলাম না, মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোনো আওয়াজ নাই!’
তবে ফুটবলীয় সৌন্দর্যের অন্যতম উদাহরণ তৈরি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’
চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীও ছিলেন আলোচনায়। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক হয়েও মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই লোকটা এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’ তার এই অকপট স্বীকারোক্তি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
বিশ্বকাপ উন্মাদনায় আলোচনায় এসেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। কয়েকদিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই দলের জার্সি পরা ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি। এক পোস্টে ব্রাজিলের জার্সি পরে ম্যাচ নিয়ে উত্তেজনার কথা জানালেও অন্য পোস্টে আর্জেন্টিনার সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে মজার আলোচনা।
অন্যদিকে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম। ম্যাচ চলাকালীন ছবি ও ভিডিও পোস্ট করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েসসসস… আমরা এখানে আছি। আর্জেন্টিনা, লিওনেল মেসি!’ গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে পুরো ম্যাচজুড়ে উচ্ছ্বাসে মাততে দেখা গেছে তাকে।


