নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে নামিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে এক ট্রাক ইলেকট্রনিকস সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার ভোররাত ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, একটি অসাধু চক্র পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাটে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী খালাস করবে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকার ১টি ফ্রিজ, ১টি ড্রিপ ফ্রিজ, ২টি ওয়াশিং মেশিন, ১টি পোর্টেবল এসি, ৪টি ফুল ইউনিট এসি, ১টি আউটডোর এসি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।জব্দ করা আলামত ও আটক চোরাকারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


