নিজস্ব প্রতিবেদক: দেশি ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের ফল উৎসব।বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় ফল উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস।এছাড়া বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা দেশি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং স্থানীয় পর্যায়ে ফল চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশি ফল শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই নতুন প্রজন্মকে দেশি ফলের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন সময়োপযোগী। পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির দেশি ফলের প্রদর্শনী পরিদর্শন করেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
উৎসবে গণমাধ্যমকর্মী, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, দেশি ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সচেতনতা গড়ে তুলতে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে টিসিজেএ সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও নাজিম উদ্দিন সহ টিসিজেএ’র সদস্যরা উপস্থিত ছিলেন।


