মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে কৃষি জমির চারপাশে দেওয়া জালে আটকা পড়া ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা।পরে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেক সংলগ্ন গভীর জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।
জানা যায়, ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় কৃষি জমির চারপাশে দেওয়া জালে অজগর সাপ আটকে থাকতে দেখে স্থানীয়রা ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য নাইমুল ইসলাম নিলয় জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়।
সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেক এলাকার গভীর জঙ্গলে সাপটি অবমুক্ত করা হয়।
বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুণ রায় বলেন, উদ্ধারকারী দলের সদস্য নাইমুল ইসলাম নিলয় একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করার বিষয়টি আমাকে অবহিত করেছেন। বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় খাদ্যের সন্ধানে বনাঞ্চল ছেড়ে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।


