নিজস্ব প্রতিবেদক: ৩৫ মিনিট পর চট্টগ্রাম বন্দরে এনসিটির তিন নাম্বার জেটির ইয়ার্ডে আগুন নিভেছে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আজ সোমবার বেলা ৩টা ২০ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিকাল সোয়া ৪টা থেকে সেই জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানামা শুরু হয়। তবে নিরাপত্তা নিশ্চিতে আগুন লাগা তিন নাম্বার ইয়ার্ড ঘিরে রাখা হয়েছে।
আগুণের সূত্রপাত হয় কনটেইনার স্থানান্তরের যন্ত্র রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনের (আরটিজি) ইঞ্জিনে। জাহাজ থেকে নামানো কনটেইনার স্থানান্তর করে এনসিটি ইয়ার্ডে নেওয়ার পর ১৪ নাম্বার আরটিজিতে আগুন লাগে। আগুনের তাপে পাশে একাধিক কনটেইনার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে।
এরমধ্যে আমদানি পণ্যভর্তি একটি কনটেইনারের পণ্য পুড়ে যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। কনটেইনারটি বিশ্বের শীর্ষ শিপিং লাইন মেডিটেরানিয়ান শিপিং কম্পানির (এমএসসি)। কনটেইনারটি এসেছে চীন থেকে।
প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে শার্প ব্রান্ডের ফ্রিজে ভর্তি ছিল। ফ্রিজভর্তি কনটেইনারটি এসেছে ২০২৫ সালের ২৬ এপ্রিল। দীর্ঘদিন ধরে কনটেইনারটি ডেলিভারি না নেওয়ায় কাস্টমস কতৃর্পক্ষ সেটি নিলামে তুলেছে। নিলামে বিক্রির আগেই সেটি আগুনে পুড়ে গেল।
প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তা বলছেন, আগুন লাগার পর কনটেইনার খুলে বের করে দেখা গেছে প্রায় সবগুলোই পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না।
চট্টগ্রাম বন্দর ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন জানিয়েছেন, আগুনের তাপে পাশে থাকা দুটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিটিতে পণ্য ওঠানামা সচল হয়েছে। কী কারণে আগুন লাগলো সেটি তদন্ত করেই জানা যাবে।


