নিজস্ব প্রতিবেদক: নগরের ব্যস্ততার আড়ালে নির্জন এক পুকুরপাড়ে পড়ে ছিল একটি বাট ও ম্যাগজিনবিহীন ট্রিগারসহ বিদেশি এইচকেজি-৩ নামের রাইফেল। ভোর বেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত সেই অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে র্যাব-৭ এর অভিযান শেষে এ তথ্য জানা যায়।
তথ্যটি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র পড়ে থাকার তথ্য পায় র্যাব। তথ্যের সত্যতা যাচাই করে আজ (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়।’তিনি আরও বলেন, ‘হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় জনৈক জলিলের বাউন্ডারি ঘেরা ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে একটি বাট ও ম্যাগজিনবিহীন ট্রিগারসহ বিদেশি এইচকেজি-৩ রাইফেল উদ্ধার করা হয়। অস্ত্রটি সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অস্ত্রটি উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’


