নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়া উপজেলার আধুনগরের লোহারদিঘিরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস লোহাদিঘির পাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসটি উল্টে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।সিআর ট্রাভেলসের বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। পরে ঢাকা হয়ে বাসটি বগুড়ায় যাওয়ার কথা ছিল।


