রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে জেঠাতো ভাইয়ের হামলায় আহত হওয়ার চার দিন পর মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত জেঠাতো ভাই শাহাজান পলাতক রয়েছেন।নিহত মন্নান সওদাগর উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে। অভিযুক্ত শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে শাহাজান গাছের টুকরা দিয়ে মন্নানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যুর খবর তারা জেনেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন কারণে অন্তত ৩০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে হলদিয়া ইউনিয়নেই এটি তৃতীয় হত্যাকাণ্ড।
এর আগে, ২০২৫ সালের ১৫ মার্চ প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জিতু নামে এক যুবদলকর্মী নিহত হন। একই বছরের ১ এপ্রিল জমি-সংক্রান্ত বিরোধের জেরে তীতা গাজীপাড়া এলাকায় মা ও ভাইয়ের হামলায় প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম বকুল মারা যান।


