ফটিকছড়ি প্রতিনিধি: দক্ষিণ ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নস্থ জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক কর্মসূচি, আলোচনা সভা, বৃক্ষ রোপন, দেয়ালিকা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ নং জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ প্রধান শিক্ষক মুজিবুর রহমান, নিপু বড়ুয়া, দিদারুল আলম, সেবিকা বড়ুয়া, বিকাশ কান্তি রায়, প্রিয়াঙ্কা সুশীল, দুলাল চন্দ্র রায়, শাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম,শামীম রেজা, শাহজালাল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, সবুজায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং জলবায়ু সংকট মোকাবেলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত। তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


