নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি বিয়ার, মদ ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জব্দ করা বিদেশি মদ, বিয়ার ও সিগারেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


