নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে তেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং তেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
নৌ পুলিশের জানায়,জব্দ করা ডিজেল, অয়েল ট্যাংকার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
শুক্রবার রাত ২টা ৪৫ মিনিটে কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দর থানাধীন ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার বি. এম. নুরুজ্জামানের নির্দেশনা ও তত্ত্বাবধানে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মো. মোজাম্মেল হোসেন, এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।


