নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ ভোর থেকে বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম ও আশপাশের এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।একই সঙ্গে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথাও। এই অবস্থায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দেশের চার সমুদ্রবন্দরকে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রবিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বশির আহমেদ বলেছেন, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায়।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে দমকা বা ঝোড়ো হাওয়া।এ কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে।
এদিকে বৃষ্টির কারণে আজ সকালে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখী মানুষকে। অনেকে ছাতা নিয়ে বা ভেজা অবস্থায় যান গন্তব্যে। বৃষ্টির কারণে সড়কে কমে যায় রিকশা ও অটোরিকশার সংখ্যাও। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের।
আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরামর্শ দিয়েছে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের।


