নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ থাকা এ রুটে রবিবার (১২ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে পর্যটক এক্সপ্রেসের (ট্রেন নং-৮১৬) যাত্রার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশের মেরামত ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। ফলে কয়েক দিনের অচলাবস্থার অবসান হলো এবং স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
গত ৭ জুলাই টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়।
সেদিন দুপুরে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (ট্রেন নং-৮১৬) ষোলশহর–জানআলীহাট সেকশনে আটকা পড়ে। একই সময়ে ফরেস্ট গেইট এলাকায় রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেনটির যাত্রা আরও ব্যাহত হয়। প্রায় ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনটির যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
পরদিন ৮ জুলাই বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম–কক্সবাজার রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। এরপর পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ সম্পন্ন করা হয়।


