নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় জড়ো হয়ে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।বেলা আড়াইটার দিকে কর্মসূচি শুরু করেন পরীক্ষার্থীরা। পরে বেলা তিনটার দিকে তারা দুই নম্বর গেট মোড় এলাকায় সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।বিক্ষোভে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, “আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে তিন দফা দাবি জানানো হয়েছিল। কিন্তু সেগুলো মেনে না নিয়ে আমাদের সঙ্গে উল্টো খারাপ আচরণ করা হয়েছে। এখন আমাদের একটাই দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থামাব না।”
এর আগে মঙ্গলবারও দুই দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। ওইদিন একপর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে স্মারকলিপিও দেন তারা।
শুরুতে পরীক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। দাবিগুলোর মধ্যে ছিল—দেশের সব শিক্ষা বোর্ডে একই দিনে পরীক্ষা গ্রহণ, কোনো একটি বোর্ডে পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা না নেওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
তবে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের পর আন্দোলনের ধরন পরিবর্তন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে নতুন কর্মসূচি শুরু করেন তারা। বুধবারও সেই দাবিতেই চট্টগ্রামের শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন।


