কাপ্তাই প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় অবশেষে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জলকপাটগুলো দিয়ে পানি নিষ্কাশন শুরু করে। এতে প্রতিটি কপাট ৬ ইঞ্চি করে খুলে মোট ৯ হাজার কিউসেক পানি অপসারণ করা হচ্ছে।জলকপাট খোলার সময় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আজ ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক পানির উচ্চতা পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কাপ্তাই বাঁধের পানি ছাড়ায় আতংকিত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান তিনি ।
প্রসঙ্গত, অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শনিবার হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৪ দশমিক ৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই হ্রদের পানিধারণক্ষমতা ১০৯ ফুট এবং বিপৎসীমা ১০৮ ফুট। উজান থেকে নেমে আসা ঢলের তীব্রতা অব্যাহত থাকায় পানির স্তর দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন বেড়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটে বর্তমানে ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।


