রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার দুই দিন পর বিএনপি নেতা মো. মাসুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনতলী এলাকায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মো. মাসুদ পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি কাপ্তাই ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে নৌপথে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে মাসুদ নিখোঁজ হন। পরে কাপ্তাই হ্রদের গর্জনতলী এলাকায় তার ব্যক্তিগত বোটটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।নিখোঁজের পর গত দুই দিন ধরে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান চালায়। অবশেষে আজ সকালে নিখোঁজ হওয়ার স্থানসংলগ্ন এলাকাতেই তার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার কারণ এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


