অনলাইন ডেস্ক: প্রায় দেড় মাস ধরে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মুখর ছিল চট্টগ্রাম। রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের পতাকা ওড়ানো, চায়ের দোকানে তর্ক-বিতর্ক—সবকিছু যেন শহরের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। তবে ফাইনালের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে থেমে গেছে সেই উন্মাদনা। নগরের প্রায় অলিগলি, চায়ের দোকান ও মোড়ের আড্ডাগুলোতে সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই, বিশ্বকাপের ফাইনাল আর পুরো টুর্নামেন্টের স্মৃতিচারণ।সোমবার (২০ জুলাই) নগরের একে খান, জিইসি মোড়, চকবাজার ও হালিশহর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে এমন চিত্র।
দেখা যায়, প্রায় প্রতিটি এলাকায় ছোট ছোট আড্ডায় জমে উঠেছে ফাইনাল নিয়ে আলোচনা। কেউ বিশ্লেষণ করছেন স্পেনের শিরোপা জয়, কেউ আক্ষেপ করছেন আর্জেন্টিনার হার নিয়ে, আবার কেউ স্মরণ করছেন পুরো বিশ্বকাপের সেরা মুহূর্তগুলো।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থকরা শিরোপার স্বপ্নে বিভোর থাকলেও ফাইনালে হারের পর তাদের অনেকেই হতাশ। অন্যদিকে, সেই হতাশার মাঝেই প্রতিপক্ষ স্পেনের সমর্থকদের আলোচনায় বারবার উঠে আসছে দলটির দুর্দান্ত নৈপুণ্য, দলগত খেলা এবং শিরোপা জয়ের গল্প। আড্ডায় আড্ডায় চলছে কে ভালো খেলেছে, কোথায় ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত নিয়ে বিতর্ক, কোথাও আবার সেরা খেলোয়াড় নির্বাচন নিয়ে তর্ক।
নগরের জিইসি মোড়ের একটি চায়ের দোকানে কথা হয় আর্জেন্টিনা সমর্থক রিয়াজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘হারটা মেনে নেওয়া কঠিন। তবে ফুটবল তো এমনই। আজ আমরা হতাশ, আবার চার বছর পর আর্জেন্টিনা নতুন উদ্যোমে জেতার জন্য মাঠে নামবে।’
একই স্থানে স্পেনের সমর্থন নিয়ে সাইফুল ইসলাম বলেন, ‘পুরো টুর্নামেন্টে সবচেয়ে গোছানো ফুটবল খেলেছে স্পেন। তাই তাদের শিরোপা প্রাপ্য ছিল। এখন সবাই সেটাই আলোচনা করছে।’
চকবাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বলেন, ‘বিশ্বকাপ চলাকালে রাত জেগে খেলা দেখা, পতাকা টানানো আর বন্ধুদের সঙ্গে আড্ডা ছিল প্রতিদিনের ঘটনা। ফাইনাল শেষ হওয়ায় সেই উন্মাদনাও শেষ হয়ে গেল।’
একে খান এলাকার বাসিন্দা তানভীর হাসান বলেন, ‘আগামী কয়েকদিন হয়তো ফাইনাল নিয়ে আলোচনা চলবে। এরপর ধীরে ধীরে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বে।’
নগরের বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বকাপকে ঘিরে গত প্রায় দেড় মাস ধরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, ফাইনাল শেষে তা অনেকটাই স্তিমিত হয়ে যাবে। তবে প্রিয় দলের জয়-পরাজয়, স্মরণীয় গোল কিংবা বিতর্কিত মুহূর্ত নিয়ে আড্ডা চলবে আরও কিছুদিন। অনেকের ভাষায়, আজকের পরই আপাতত থেমে যাবে বিশ্বকাপ ঘিরে নগরবাসীর সেই বহুল আলোচিত ফুটবল উন্মাদনা।


