অনলাইন ডেস্ক: দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী অংশে রাতভর অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ৮টা থেকে ২টা পর্যন্ত সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীর খলিফারগোনা থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী, হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া এতে অংশ নেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে ৬টি অবৈধ চরঘেরা জাল, একটি ভাসা জাল এবং দুটি বড়শি জব্দ করা হয়। জব্দ হওয়া জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ হাজার মিটার, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীকে কার্পসহ সব ধরনের মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং মা মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় অবৈধ জাল, ধ্বংসাত্মক মাছ ধরার সরঞ্জাম ও মা মাছ শিকারের বিরুদ্ধে মৎস্য বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


