নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক আসামি মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.তাজুল ইসলামের আদালত এই রায় দেন।দণ্ডপ্রাপ্ত মো.সোহেল (৩৭) ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার মো.শফির ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাওসার সাগর জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.সোহেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে আসামি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ জুন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশগেট সংলগ্ন এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে মো. সোহেলকে তল্লাশি করা হয়। এ সময় তার স্কুলব্যাগ ও জুতার মোজার ভেতর থেকে মোট ৫ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে নগরীর পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।


