বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত অমিত সেনগুপ্ত পশ্চিম শাকপুরা এলাকার অনিল সেনগুপ্ত বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা সকালে অমিতকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


