বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে সামনে এগিয়ে যাওয়ার পর পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
জানা গেছে, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০ সদস্যের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছায়। বৃহস্পতিবার দুপুরে তারা বগালেক এলাকায় একটি কটেজে ওঠেন।
বিকেল সাড়ে ৫টার দিকে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যায়। ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি সাদা-কালো এপাচি ৪ভি মোটরসাইকেলে (ভোলা-ল-১১-৩২২১) ভিউ পয়েন্টের সামনে এগিয়ে যান। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, ভিউ পয়েন্ট অতিক্রম করে দুর্গম পথে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
পরে সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পকে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। কয়েক ঘণ্টার অনুসন্ধান শেষে রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন গভীর পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, ‘বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


