মিরসরাই প্রতিনিদি: চট্টগ্রাম: মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একটি মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তিনি ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।নিহত অপর ব্যক্তি হলেন, একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জরুরি একটি কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। লাশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


