নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনে রাজনৈতিক কৌশল হিসেবে ছাত্রদের সামনে রাখা হয়েছিল বলে জানালেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ রবিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ির সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মেয়র একথা বললেন।‘আমরা জুলাইযোদ্ধা’ নামে একটি সংগঠন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না বলে মন্তব্য করলেন মেয়র শাহাদাত হোসেন।
তিনি বললেন, ‘আন্দোলনের সময় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ছাত্রদের সামনের সারিতে রেখে আমরা পেছন থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। শেখ হাসিনা যাতে আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের নামে আখ্যায়িত করতে না পারে, সে কারণেই এই কৌশল। আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমরা রাজপথে ছিলাম। জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি।’
নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ‘আমরা জুলাইযোদ্ধা’র যুগ্ম সম্পাদক আহমদ আব্দুল্লাহ আল সাহেদ সভা সঞ্চালনা করেন। এতে ১২ জন শহীদের পরিবার ও ১১০ জন আহত জুলাইযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।


