নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পার্কিং ব্যবস্থা ও অনুমোদিত নকশা যাচাই করতে গিয়ে পার্কভিউ হাসপাতাল ও ইবনে সিনা ডায়াগনস্টিকে একাধিক অনিয়মের চিত্র পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরের বেশ কয়েকটি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও কয়েকটি স্কুল পরিদর্শন করে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।এ সময় পার্কভিউ হাসপাতাল ও ইবনে সিনা ডায়াগনস্টিকের পার্কিং ব্যবস্থাপনা এবং ভবনের ব্যবহার নিয়ে সবচেয়ে বেশি অসঙ্গতি ধরা পড়ে।
পরিদর্শনে পার্কভিউ হাসপাতালে দেখা যায়, অনুমোদিত নকশা অনুযায়ী ড্রপিং বে ২০ ফুট হওয়ার কথা থাকলেও বাস্তবে এর প্রস্থ প্রায় ১৫ ফুট।
এতে রোগীবাহী যানবাহনের প্রবেশ ও বের হওয়ার সময় যানজটের ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া রোগীদের গাড়ি রাখার জন্য নির্ধারিত পার্কিং এলাকায় সিলিন্ডার ও বিভিন্ন অফিস সামগ্রী সংরক্ষণ করতে দেখা যায়। অন্যদিকে ইবনে সিনা ডায়াগনস্টিকে পরিদর্শনের সময় কর্তৃপক্ষ অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেনি।
সিডিএ জানায়, ভবনটি আবাসিক প্লটের মধ্যে নির্মিত এবং হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদনের তথ্যও দেখানো হয়নি।
এছাড়া পার্কিং ব্যবস্থাপনায় কোনো নির্দেশনা বা চিহ্ন নেই। মাত্র দুই থেকে তিনটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এবং সেই স্থানেও সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী রাখা ছিল।
একই পরিদর্শনে ডেল্টা হাসপাতাল, ডক্টরস হাসপাতাল, চট্টগ্রাম গ্রামার স্কুল (চট্টেশ্বরী ক্যাম্পাস) এবং চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলেও পার্কিং সংকট, ড্রপিং বে না থাকা এবং অনুমোদিত নকশার ব্যত্যয়ের বিভিন্ন বিষয় উঠে আসে।
পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সব প্রতিষ্ঠানকে এক মাস সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে পার্কিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট সহনীয় পর্যায়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।


