নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় প্রিন্ট মিডিয়া টিম ও ইলেকট্রনিক মিডিয়া টিমকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন প্রিন্ট মিডিয়া টিমের গোলরক্ষক ও দৈনিক কালের কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার ফারুক মুনির।ম্যাচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজের সভাপতিত্বে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সাজ্জাদুল কবির রনি এবং সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক সমাজের এ ধরনের ক্রীড়া আয়োজন তাদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।পার্কভিউ হসপিটাল স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা যৌথ চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে চট্টগ্রাম প্রেসক্লাব।


