মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ফার্মেসি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিস্থিতি তদারকির পাশাপাশি বিভিন্ন ফার্মেসি পরিদর্শন ও ওষুধের মান, সংরক্ষণ এবং বিক্রয়সংক্রান্ত বিষয় মনিটরিং করা হয়। এসময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি এবং ওষুধ ও কসমেটসের আইনসম্মত বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া মোবাইল কোর্টের অংশ হিসেবে আবুতোরাব বাজারের অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিও পরিদর্শন করা হয়। অভিযানে সহকারী পরিচালক (ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম) মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও ফার্মেসিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। ওষুধ ও কসমেটিকস আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। আইন অমান্য করে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারের পরিবেশ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ও উপজেলা প্রশাসনের নজরদারিতে থাকবে।


