নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর আয়োজন থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। গতকাল শনিবার রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তারা গ্রেপ্তার হন।
চট্টগ্রাম আদালতসূত্রে পাওয়া গেছে এই আইনজীবীদের নাম। তারা হলেন, ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থপ্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন, যীশু রায় চৌধুরী, উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা এবং শারমিন ইয়াসমিন নিশু।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বললেন, ‘মনসুরাবাদ ওয়াপদা কলোনির এক বাসার নিচে ১৫ আগস্ট পালনে তারা জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি। পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনের তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’
আওয়ামী লীগ সমর্থক এক আইনজীবী জানালেন, গ্রেপ্তার উম্মে হাবিবার বাসার নিচে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়। তাতে অংশ নেন আইনজীবীরা।অনুষ্ঠান শেষে পুলিশ এসে তাদের আটক করে নেয় ডিবি কার্যালয়ে।


