নিজস্ব প্রতিবেদক: নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা।বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ শুরু করে।শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট।এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধসহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকরা বলেন, তাদের পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা না করলে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন।
শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।


