বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
spot_img

ত্যাগের বিনিময়ে পাওয়া দেশ গড়ার দায়িত্ব বিএনপির: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে বিএনপিই নেতৃত্ব দিতে পারবে।গর্ত থেকে উঠে আসতে একটু সময় লাগবে। কিন্তু কাজ করলে এই বিএনপি পারবে, এই দলটি পারবে, এই নেতা পারবে।তারেক রহমান সাহেব পারবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, দীর্ঘ আন্দোলনের পর আজ আবার দলের অনেক পরিচিত মুখকে একসঙ্গে দেখতে পাচ্ছেন। তাদের অনেকে আন্দোলনে রাজপথে ছিলেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন।
আজ সেই পরিচিত মুখগুলো আবার আমার সামনে এসেছে। এটা আমার জন্য আনন্দের। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নেতাকর্মীদের আগের মতো সময় দিতে পারি না। কাজের চাপ ও দায়িত্বের কারণে তা সম্ভব হয় না।
তিনি বলেন, বাংলাদেশ যখনই গর্তে পড়েছে, তখন বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে। দলের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি ভালোবাসা থাকলেই দেশের জন্য কাজ করা যায়। সহযোগিতা করতে মন্ত্রী-এমপি হওয়ার প্রয়োজন নেই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির শিক্ষা দিয়েছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে রাজনীতি করার শিক্ষাও তিনি দিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, দেশ ও দল—দল নয়, দেশ বড়। আমাদের শিক্ষক আমাদের সেটা শিখিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজের জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, লাখো নেতাকর্মী জেলে গেছেন, পঙ্গু হয়েছেন। এই ত্যাগের বিনিময়ে এখন আমাদের দেশ গড়ার শিক্ষা নিতে হবে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাহসী অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে আমির খসরু বলেন, অর্থনৈতিক সংকটের এমন সময়ে বড় বাজেট দেওয়ার সাহস অনেকের হবে না। বিএনপি সেই সাহস দেখিয়েছে। এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের মানুষের সমস্যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা হিসেবে দেখা হচ্ছে না। মানুষের সামগ্রিক সমস্যা হিসেবে দেখা হচ্ছে। আগামীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ একের পর এক কার্যকর করা হবে। অনেক ত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব।
আগামী দিনের উন্নয়ন বাধাগ্রস্ত করলে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না—এমন মন্তব্য করে আমির খসরু বলেন, এলাকায় মাদকের ব্যবসা কারা করে তা স্থানীয় মানুষ জানেন। তাই শুধু পুলিশের জন্য অপেক্ষা না করে মাদক ব্যবসায়ীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। একইভাবে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দেশের উন্নয়ন ও সরকারি কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপশক্তি চেষ্টা করবে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ সভাপতিত্ব করেন। সদস্যসচিব নাজিমুর রহমান সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img