কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে একটি বসতঘরে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা বড়ি ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার ও ১৬ বছর বয়সী এক কিশোরকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনে একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন— টেকনাফের বাসিন্দা আশিক মোমেন মেহেদী (২৩) ও তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া কিশোর সায়মন সরোয়ার (১৬)। তার বাড়িও টেকনাফে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আশিক মোমেন মেহেদীর দখলে থাকা একটি কক্ষে কাঠের তৈরি বক্স খাটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৮ কেজি ৩৭০ গ্রাম।
অভিযানে নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিনটি মুঠোফোন, ইয়াবা রাখার তিনটি খালি প্যাকেট, একটি তালা ও তিনটি চাবি জব্দ করা হয়।ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা নগদ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ডিএনসির উপপরিচালক সোমেন মন্ডল


