নিজস্ব প্রতিবেদক:৬৬৮ বেল ফেব্রিক্স ভর্তি ৪০ ফুট লম্বা একটি কনটেইনারের খোঁজ মিলছে না চট্টগ্রাম বন্দরে। এসব পণ্যের মূল্য প্রায় তিন কোটি টাকা।শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের অনুকূলে আনা কাঁচামালের চালানটির খোঁজ না পাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।
সূত্র জানায়, সাভারের গোল্ড স্টার গার্মেন্টেসের নামে আমদানি করা এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারটি ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজ থেকে গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে নামে। এরপর আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেট পণ্য খালাসের জন্য কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে গত ২২ আগস্ট বিল অব এন্ট্রি দাখিল করে।
পরে কাস্টমস ও বন্দরের সব ধরনের রাজস্ব পরিশোধ করে ৩০ আগস্ট বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কনটেইনারটি খালাসের জন্য গেলে বন্দর কর্তৃপক্ষ কনটেইনারটি কিপ ডাউন এবং ডেলিভারি দিতে পারেনি। তারা সিঅ্যান্ডএফ এজেন্টকে কনটেইনারটি খুঁজতে বলে।
সিঅ্যান্ডএফ এজেন্ট ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত খুঁজেও কনটেইনার পায়নি। বিষয়টি প্রতিদিন টার্মিনাল ম্যানেজার, এটিও, টিওকে অবহিত করে তারা।
এসব বিষয় উল্লেখ করে গত ২ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন এসআরএস সিন্ডিকেটের মালিক মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, আমরা কাস্টমস ও বন্দরের যাবতীয় চার্জ পরিশোধ করে কনটেইনার ডেলিভারির জন্য গেলে তা পাওয়া যায়নি। এক সপ্তাহের বেশি হয়ে গেছে। কনটেইনারটিতে আসা কাপড়ের রোলগুলো শতভাগ রপ্তানিমুখী। এতে প্রায় তিন কোটি টাকার কাপড় ছিল। এখন নির্ধারিত সময়ে কাপড়গুলো না পেয়ে আমাদের গ্রাহক গোল্ড স্টার গার্মেন্টসও বিপাকে পড়েছে। তারা নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য বায়ারের কাছে পৌঁছাতে ব্যর্থ হবে।
এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, আমরা চিঠি পেয়েছি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে।


