খবর বিজ্ঞপ্তি: মিরসরাই এসোসিয়েশন -চট্টগ্রাম এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল শনিবার (১২ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় হালিশহরস্থ মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়েছে। চক্ষু চিকিৎসা জগতের কিংবদন্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসংখ্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের জনক, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর সাবেক উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেন, ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানূরাগী এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মরহুম আলহাজ্ব আহমেদ সোবহান, বামনসুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, এসোসিয়েশনের পৃষ্ঠপোষক মরহুম এ. জেড. এম. নাজমুল কবির মামুনের স্মরণে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উক্ত শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের কর্মকর্তা মো. ইউনুছ ভূঁইয়া। সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়ার পরিচলানায় বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর সামস উদ দোহা, উপদেষ্টা আব্দুল মান্নান, উপদেষ্টা এড. মজিবুর রহমান ফারুখ, উপদেষ্টা নুরুল আমিন প্রমূখ।
বক্তরা বলেন, প্রতিটি মানুষের আজকের দিনের সৎ কর্মই হবে আগামী দিনের সঞ্চয়। যাঁরা আত্মত্যাগী হয়ে সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন তারাই চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন আমাদের হৃদয়ে। তাঁদের কর্মময় জীবন সকলের জন্য অনুকরণীয়। তারা বলেন, একটি সুন্দর, সৃজনশীল ও আলোকিত সমাজ বিনির্মাণে যারা নিরলসভাবে পরিশ্রম করে গেছেন তাদের প্রতি সম্মান আর শ্রদ্ধা দেখানো প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। পরিশেষে দোয়া ও মোনাজাত করা হয়।


