মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
spot_img

সময়ের কথন :: পূর্ব ইউরোপ : সমাজতন্ত্রের সেকাল

ডা. কিউ.এম. অহিদুল : কৃষি বিষয়ক একটি কলামে ৭০-৮০-এর দশকে কমিউনিস্ট ইউরোপের পতন-পূর্ব কিছু কথা লিখেছিলাম দু’চার লাইনে। এক পাঠক মন্তব্যে ‘৮৯ সালে কমিউনিজম পতনের পূর্বের পূর্ব ইউরোপীয় দেশ- বুলগেরিয়া, রুমানিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি ও পোল্যান্ডের তৎকালীন সময়ের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থা সম্পর্কে লিখতে অনুরোধ করেছেন।
আজকের প্রজন্ম ভোগবাদী। তারা চেনে আমেরিকা- কানাডা, ষাট-সত্তর বছর বয়সী মানুষেরা এবং ৭০ বছর স্থায়ী কমিউনিস্ট রাষ্ট্র ও সমাজ হয়তো ভুলে গিয়েছে। নতুন প্রজন্ম হয়তো স্মরণও করতে চাইবে না। গত ৫০ বছরে নিশ্চয়ই বিশ্বব্যাপী জীবনযাত্রায় এক অভাবনীয় পরিবর্তন হয়েছে। তারপরও মানুষ টাকা খরচ করে পুরোনো সভ্যতার হরপ্পা মহেঞ্জোদারো, চীনের প্রাচীর, পিরামিড বা ব্যাবিলন দেখে বিস্মিত হয়। ভোগবাদী মানুষ ও তরুণপ্রজন্ম ৭০ বছর স্থায়ী কমিউনিস্ট দেশের ভালো-মন্দের কাহিনি শুনেও হয়তো তেমনি বিস্মিত হবে। ভাববে, এমন দেশও কি ছিল? হ্যাঁ, বেকারত্বহীন, আবাসন- নিশ্চিত, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত দেশও ছিল।
তবে পুঁজিবাদের শ্লোগান বা বাকস্বাধীনতা হয়তো অন্যভাবে চর্চা করা হতো। তারও আপেক্ষিক আলোচনার অবকাশ রয়েছে।আমি পূর্ব ইউরোপের সমৃদ্ধ দেশ বুলগেরিয়ায় ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ছিলাম। স্বাধীনতার পরের বছর থেকে প্রতিবছর প্রায় দুই হাজার ছাত্র সরকারি বৃত্তিতে রাশিয়াসহ বিভিন্ন কমিউনিস্ট দেশে যেত মেধা তালিকার ভিত্তিতে। বঙ্গবন্ধু সরকার তাদের পাঠানোর উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক দেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, চিকিৎসা, বিশেষত গ্রামীণ সমবায় দেখে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে কীভাবে কাজে লাগানো যায়, তা সরেজমিনে দেখা এবং এ দেশে প্রয়োগ করা। পরবর্তী ১৬-১৭ বছরে বিপুলসংখ্যক ছাত্রছাত্রী এসব দেশে শিক্ষা গ্রহণ করে। দুর্ভাগ্যবশত রাজনৈতিক পটপরিবর্তনের পর খুব অল্পসংখ্যক ছাত্র ডিগ্রি সমাপ্ত করে দেশে ফিরে। অধিকাংশই পাশ্চাত্যের বিভিন্ন দেশে স্থায়ী হয়। এতদিনে অবশ্য বাংলাদেশেও একটি আদর্শগত, নৈতিকতাগত, ভোগবাদী ও মুক্তবাজার সম্পর্কিত পরিবর্তন সমাজ ও রাষ্ট্রে জেঁকে বসেছে।
১৯৭৩ সালে বুলগেরিয়া ছিল একটি সমৃদ্ধ দেশ। তখন বাংলাদেশ ছিল ‘তলাবিহীন ঝুড়ি’ (নড়ঃঃড়সষবংং নধংশবঃ), এই অপবাদটা বাজারে ছেড়েছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার। বুলগেরিয়া সরকার তখন পৃথিবীর ৯৪টি দেশের ছাত্রকে বৃত্তি দিয়ে লেখাপড়া করাত। এসব দেশের অধিকাংশই ছিল অনুন্নত বিশ্বের আফ্রিকা, লাতিন বা দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসব ছাত্র আসত।
পুরো আলাদা একটি উপশহরই ছিল, যার নাম ছিল ‘স্টুডেন্টস সিটি’। ৪০-৪৫ বছর আগেই সেখানে ১০-১২ তলা ভবনে হাজার হাজার ছাত্রের আবাসন
ছিল। সেখানে ক্যান্টিন, বিনোদন, চিকিৎসা, রিডিং রুমসহ সবধরনের সুযোগ-সুবিধা ছিল। ইস্ত্রি করা বেডশিট, বালিশের কভার মাসে ২-৩ বার বদলে দেওয়া হতো। প্রত্যেক বুলগেরিয়ান পরিবারকে আবাসন দেওয়া হতো। একজন আয়া-দারোয়ানের সন্তানও যদি মেধা পরীক্ষায় টিকে যেত, তার ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে পড়া ছিল। বিনাখরচে। পাশ করার পর প্রায় প্রত্যেক পেশাতেই সরকারি চাকরি দেওয়া হতো। ভূগোল পাশ করে যেমন চাকরি মিলত, তেমনি শরীরচর্চা পাশ করলেও চাকরি মিলত। খাবার, ফলমূল, গাড়ি, বাস, ট্রেন ভাড়া ও গণপরিবহনে নানা সুবিধা ছিল। কারিগরি শিক্ষায় যারা পড়ত, তাদেরও সরকার চাকরি জোগাড় করে দিত।
সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল স্বাস্থ্যসেবা। নাকের সর্দি হোক বা সার্জারি কিংবা ক্যান্সার সবাইকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হতো। সংশ্লিষ্ট ডাক্তার রেফার করলে যে কোনো উচ্চতর বা টারশিয়ারি হাসপাতালে ভর্তি হওয়া যেত। পেশা নির্বিশেষে সবাইকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হতো। অবশ্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য কিছু ব্যতিক্রম ছিল, বিশেষ করে বেড ও খাবারের ক্ষেত্রে; কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিছুটা সমতা বজায় ছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমি নিজে দেখেছি রক্তরোগ ও হেমাটোলজি বিভাগে কাজ করার সময়। কিছু কিছু ক্যান্সারের চিকিৎসা তখন বুলগেরিয়ায় হতো না। সেই বিভাগে কিছু রোগীকে বাছাই করে রাখা হতো। প্যারিসের হেমাটোলজি বিভাগ থেকে তিন মাস অন্তর একজন করে অধ্যাপক আসতেন। তিনি যাদের প্যারিসে নিয়ে চিকিৎসা করার সুপারিশ করতেন, বুলগেরিয়া সরকার সেইসব রোগীকে সরকারি খরচে ও ব্যবস্থাপনায় প্যারিসে পাঠাত।
এসব তথ্য আজকের মুক্তবাজার অর্থনীতি বা পুঁজিবাদী সমাজে অবিশ্বাস্য মনে হবে। বিনোদন ও সামার হলিডে সরকারি ভর্তুকিতে পূর্বনির্ধারিত রিসোর্টে করা যেত। প্রত্যেক মহল্লায় সুইমিংপুল, জিম, বাস্কেটবল, ফুটবল, ট্রেনিং, স্কিইং ট্রেনিংসহ সবধরনের খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। প্রত্যেক মহল্লায় পার্ক ও সবুজ জোন ছিল।
তাহলে সমাজতন্ত্রের পতন হলো কেন? প্রবলেম একটাই- পশ্চিমা প্রপাগান্ডা মেশিন, বাকস্বাধীনতা ও সরকারের সমালোচনা নিয়ন্ত্রিত ছিল। ফলে মানুষ পশ্চিমা বিশ্বের সঙ্গে তুলনা করতে থাকত। অনেক পণ্য পশ্চিমা ভোগ্যপণ্যের সরবরাহ ছিল না অথবা সীমিত কিংবা উচ্চমূল্যের ছিল। জনমনে একটি অসন্তোষ ক্রমাগত জন্ম নিতে থাকে। শাসকশ্রেণির বিশেষ সুবিধা ও ভোগ গণবিস্ফোরণের একটি বড় কারণ ছিল। কিছু আন্তর্জাতিক সমস্যা, কিছু দলীয় মতানৈক্যের ফলে ১৯৮৯ সালে সারা কমিউনিস্ট বিশ্বে সরকারের পতন হয়।
আজ সমাজতন্ত্রের পতনের পর ওরা কেমন আছে?
আমি দুই বছর আগেও এসব দেশে যাই। সবচেয়ে খারাপ ব্যাপার হলো নৈতিকতার পতন। বেশি কামাই করার জন্য বিপুলসংখ্যক মানুষ পাশ্চাত্যে চাকরি নিয়ে চলে যায়। পুঁজিবাদী অন্য দেশগুলোর মতো একটি সুবিধাভোগী ‘মাফিয়া চক্র’ জন্ম নেয়। কিন্তু অধিকাংশ মানুষ পাশ্চাত্য সমাজব্যবস্থার সঙ্গে তিন দশক আগের সমাজব্যবস্থার তুলনা করে একটি বৈষম্যপূর্ণ ব্যবস্থা দেখতে পাচ্ছে।
সমাজতন্ত্রের বিকল্প কখনোই পুঁজিবাদ নয়। স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, আবাসন- এসবের পুনর্বহাল পূর্ণ সমাজের দাবি সমগ্র পূর্ব ইউরোপজুড়ে বর্তমানে সক্রিয়। তবে পোল্যান্ডসহ বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া কয়েকটি দেশে সরকার পূর্বের জনকল্যাণমূলক নীতিগুলোর সঙ্গে বাকস্বাধীনতা ও জবাবদিহিতার সমন্বয় করার চেষ্টা করছে। এই কয়েকটি দেশে অভাবনীয় অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি চলমান ।
মোট কথা, লেনিন-মার্কসের দর্শন অপরিবর্তনীয় নয়। প্রত্যেকটি দেশ সে দেশের প্রয়োজন অনুযায়ী মার্কসবাদ-লেনিনবাদকে একটি নৈতিক ভিত্তি ধরে কিছু পরিবর্তন চালু করলে তা পাশ্চাত্যের পুঁজিবাদী সমাজ যে পতনের মুখে পড়েছে, তার বিকল্প হিসেবে ইতোমধ্যেই নতুন অপেক্ষাকৃত সমাজব্যবস্থা অধিকতর টেকসই বলে মনে হচ্ছে।
ডা. কিউ এম অহিদুল আলম বিশেষজ্ঞ চিকিৎসক।

 

 

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img