নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞাকালে জেলেদের জীবন-জীবিকায় যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, সে জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। প্রকৃত ও নিবন্ধিত জেলেরা যাতে এই সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে হলে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মা ইলিশ রক্ষা করা সম্ভব হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর ৫টি ওয়ার্ডে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রম-২০২৬’ বাস্তবায়নে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ও ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের প্রায় ১ হাজার ৫০০ জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল তুলে দেন। এর মোট পরিমাণ ৩৭ টন।
আবু সুফিয়ান এমপি এ সময় জেলেদের উদ্দেশ্যে আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা বন্ধ রাখলে ঘুরেফিরে জেলেদেরই লাভ হয়। যে মাছটি ছোট আকারে ধরে বিক্রি করবেন তার যে মূল্য বড় হলে সেটিই দ্বিগুণ দামে বিক্রি করা যায়। এতে আপনারাই লাভবান হবেন। সরকার দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে ইলিশের প্রজনন বৃদ্ধি এবং আকার বড় করার প্রতি গুরুত্ব দেয়। এই সময়টাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। নির্দিষ্ট সময় পর ইলিশ ধরলে নিজেরাই যে লাভবান হবেন তা বুঝতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াসিন চৌধুরী লিটন এবং সদস্য আনোয়ার হোসেন লিপু ও ইসমাইল বালি।
এ সময় উপস্থিত ছিলেন আবু তৈয়ব, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা আক্তার খান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব আজগর, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, সদস্য সচিব জাহেদ আহমদ, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কালাম এবং মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।



