নিজস্ব প্রতিবেদক: নগরে যানজট সৃষ্টি ও পার্কিংয়ে বিশৃঙ্খলার দায়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ এবং উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।আগে সতর্ক করার পরও সংশোধনমূলক ব্যবস্থা না নেওয়ায় এই জরিমানা করা হয়। একই অভিযানে ফ্রোবেল প্লে স্কুলকে সতর্ক করা হয়েছে।আজ বৃহস্পতিবার সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

সিডিএ সূত্র জানায়, আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ এবং ভবনের মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।এর আগে সিডিএর পক্ষ থেকে পরিদর্শন শেষে আল হিদায়াহ স্কুল ও উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে তাদের নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। অভিযান চলাকালে ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে পার্কিং বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ দিয়ে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে নগরের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনের সড়কে যানজট নিরসনে এই অভিযান চলছে। প্রতিষ্ঠানের নিজস্ব কার্যক্রমের কারণে সৃষ্ট যানজট কমানো এবং সড়কে মানুষের চলাচল নির্বিঘ্ন করা এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে তারা।
সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেছেন, ‘সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনার পরও সংশোধন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবনমালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’



