মিরসরাই প্রতিনিধি: ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির নেতৃত্ব ও তারেক রহমানের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, ‘২৪ কারও নয়, এ দেশের ১৮ কোটি মানুষের। ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন তারেক রহমান।’শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইছাখালী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।নুরুল আমিন বলেন, ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির ওপর আস্থা রেখেছে। এর অর্থ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষে অধিকাংশ মানুষ রাজপথে ছিল।’

‘বিএনপির নেতৃত্বে ও তারেক রহমানের পরিকল্পনায় গণঅভ্যুত্থান হয়েছে। কেউ যদি বলে ২৪ আমাদের, আমরা বলব—২৪ কারও বাপের নয়, ২৪ এ দেশের ১৮ কোটি মানুষের। ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন তারেক রহমান।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহার চৌধুরী ও সাব্বির হোসেন, উপজেলা তাঁতী দলের সভাপতি মাঈন উদ্দিন মনি, ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নোমান ভূঁইয়া, ফাতেমা গার্লস হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি রহমত এলাহী সোহেল, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরাদুল হক ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একাদশের মুখোমুখি হয় ৯ নম্বর ওয়ার্ড একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড একাদশ। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে উইনার কার্ড তুলে দেন।


