অনলাইন ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র ও স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড ও অলঙ্কার উদ্ধার করা হয়েছে। এ সময় আবুধাবি থেকে আসা কামরুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে আসেন কামরুল। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানান, কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় কামরুলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে চ্যালেঞ্জ করেন ডিজিএফআইয়ের সদস্যরা। পরে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।
তল্লাশিতে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণদণ্ড পাওয়া যায়। এ ছাড়া তার কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


