বুধবার, অক্টোবর ২১, ২০২৬
spot_img

প্রধানমন্ত্রী আসছেন আজ, বরণে প্রস্তুত চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচিতে রয়েছে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অন্যদিকে সফর নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনী।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে সরাসরি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কর্মসূচি রয়েছে তার।
জানা গেছে, ১৯৯৩ সালে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিন দশকের বেশি সময় পর মায়ের পদাঙ্ক অনুসরণ করে চট্টগ্রামের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরের হোটেল র‍্যাডিসন ব্লুতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূলের নেতা-কর্মীদের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে স্থানীয় নেতারা দলীয় প্রধানের সামনে সাংগঠনিক সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরার সুযোগ পাবেন।এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে পূজামণ্ডপ পরিদর্শন এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি রয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, সাংগঠনিক সভায় অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। গত ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতা-কর্মীর সংখ্যা কম রাখা হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধন, সড়ক উন্নয়ন, ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগরী হিসেবে চট্টগ্রামকে সাজিয়ে প্রধানমন্ত্রীকে বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরের রহমতগঞ্জের জে এম সেন হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, চার দিন আগেও জে এম সেন হলের যে চিত্র ছিল, বর্তমানে সেখানে আমূল পরিবর্তন এসেছে। চসিকের উদ্যোগে এলাকাটি সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে এলে চট্টগ্রামের ঐতিহাসিক ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতিফলন দেখতে পাবেন—এমন লক্ষ্য নিয়েই কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেওয়া উদ্যোগগুলো শুধু সাময়িক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলাই সিটি কর্পোরেশনের লক্ষ্য।
চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে এ নগরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাত্রা মোহন সেনগুপ্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, সূর্য সেন ও মহিমচন্দ্র দাসসহ স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতি ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা সবার দায়িত্ব। একসময় এসব স্থাপনা অযত্নে পড়ে থাকলেও চসিকের উদ্যোগে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সেগুলো নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম চট্টগ্রামের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারে।
মেয়র জানান, প্রধানমন্ত্রীর যাত্রাপথ থেকে অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ইতোমধ্যে সাইকেল ট্র্যাক উদ্বোধন, বিভিন্ন সড়কের সৌন্দর্যবর্ধন এবং বোট ক্লাব সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে। নগরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়নকাজও হাতে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের পর কাজ শুরুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।
বিমানবন্দর সড়ক ও ভিআইপি সড়কসহ নগরের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, গত কয়েক মাস ধরে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম অব্যাহত রয়েছে। চট্টগ্রামে প্রবেশের পর থেকেই প্রধানমন্ত্রী ও আগত অতিথিরা যেন পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সুন্দর নগরীর চিত্র দেখতে পান, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরবাসীর আগ্রহের কথা তুলে ধরে মেয়র বলেন, চট্টগ্রামের মানুষ আনন্দ ও উৎসাহের সঙ্গে তার আগমনের অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরাও তাকে বরণ করতে উচ্ছ্বসিত।
জামালখান এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মেয়র বলেন, এলাকাটিকে আরও নান্দনিক ও জনবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নগরবাসী সেখানে অবসর কাটাতে এবং বন্ধু-পরিজনের সঙ্গে সময় কাটাতে আসেন। তাই এলাকার পরিবেশ, চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, নান্দনিক ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে সৌন্দর্যবর্ধন, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং জনবান্ধব অবকাঠামো গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img