নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের সৌন্দর্য রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।বুধবার (২৮ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
অভিযানের অংশ হিসেবে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনকে নিজ হাতে দেয়ালে সাঁটানো বিভিন্ন পোস্টার ও প্রচারপত্র ছিঁড়ে অপসারণ করতে দেখা যায়। মহানগরের বিভিন্ন দেয়ালে স্তরে স্তরে লাগানো পোস্টার সরিয়ে ফেলার মাধ্যমে তিনি পরিচ্ছন্ন নগর গড়ার কার্যক্রমে সরাসরি অংশ নেন।এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, মহানগরের সৌন্দর্য নষ্ট করে—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
চসিকের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা এবং অপরিকল্পিতভাবে লাগানো প্রচারসামগ্রী অপসারণ করা হয়। এসব স্থাপনা ও প্রচারসামগ্রীর কারণে নগরীর সৌন্দর্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল বলে জানিয়েছে চসিক।
অভিযান চলাকালে প্রশাসক বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে মহানগরের সৌন্দর্য নষ্ট করা যাবে না। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, মহানগরের সৌন্দর্য রক্ষা, নাগরিক দুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন প্রচারসামগ্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার উপস্থিত ছিলেন।


