নিজস্ব প্রতিবেদক: বছরে ২২৪ কোটি টাকা গৃহকর হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সংক্রান্ত আপিল শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৭-এর কর কর্মকর্তা একেএম সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চসিক গৃহকরের জন্য বন্দরের অ্যাসেস ভ্যালু ধরেছিল ১ হাজার ৫৫০ কোটি টাকা।
এর ওপর ভিত্তি করে ২৬৪ কোটি টাকা গৃহকর আসে। এ বিষয়ে বন্দর চসিকে আপিল করে।করপোরেশনের শুনানিতে গৃহকর কমাননি মেয়র। নিয়ম রয়েছে, ৭০ শতাংশ কর জমা দিয়ে বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করতে পারে।তাই ১৯৮ কোটি টাকা জমা দিয়ে বন্দর কর্তৃপক্ষ আপিল করে। দীর্ঘ শুনানি শেষে চূড়ান্ত রায়ে ১৫ শতাংশ কর রহিত করা হয়। চূড়ান্ত রায়ে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর হিসেবে দিতে বলা হয়েছে। আগের বছরের বকেয়াসহ ২০২৬-২৭ অর্থবছরে বন্দরের কাছে চসিক পাবে ২৫৫ কোটি টাকা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে চট্টগ্রাম বন্দর থেকে সিটি করপোরেশন গৃহকর পেত বছরে ৪৫ কোটি টাকা। সারচার্জ বাদ দিলে তা ৩৫ কোটিতে নেমে আসত। প্রকৃতপক্ষে চট্টগ্রাম বন্দর বছরে ৩৫ কোটি টাকা গৃহকর পরিশোধ করত।এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা এখনো চূড়ান্ত রায়ের বিস্তারিত পাইনি। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।


